Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

September 18, 2015

ক্রোয়েশিয়ার দুয়ারও বন্ধ

ক্রোয়েশিয়ার দুয়ারও বন্ধ

সার্বিয়া যাওয়ার আটটি সীমান্তের মধ্যে সাতটি বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে তাঁরা। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাঙ্কো ওসতোজিচ বলেছেন, শরণার্থীদের চাপ সামলাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, সীমান্ত এলাকা তোভারনিক, আইলক, আইলক ২, প্রিনসিপোভাচ, প্রিনসিপোভাচ ২, বাতিনা এবং এরদুতে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, গত বুধবার ভোরের দিকে সার্বিয়া থেকে ১১ হাজারের বেশি শরণার্থী ক্রোয়েশিয়ায় ঢুকেছে।
এ সপ্তাহের শুরুতে সার্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। এর পর শরণার্থীরা ইউরোপের দেশগুলোতে যেতে ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা চালায়। এ বছর দুই লাখের বেশি শরণার্থী ওই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। তাদের বেশির ভাগ আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক।

নেতাজির বিষয়ে ৬৪টি গোপন নথি প্রকাশ

নেতাজির বিষয়ে ৬৪টি গোপন নথি প্রকাশ

 ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিষয়ে আজ শুক্রবার ৬৪টি গোপন নথি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
আজ টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রথমে নেতাজির পরিবারের কাছে ওই নথিগুলো হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া কলকাতার পুলিশ জাদুঘরে তা প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
নথি প্রকাশের আগে সূত্র জানায়, নেতাজি কমপক্ষে ১৯৬৪ সাল পর্যন্ত বেঁচে ছিলেন বলে যথেষ্ট আনুষঙ্গিক তথ্য-প্রমাণ ওই গোপন নথিতে থাকতে পারে।
সম্ভবত ১৯৬৪ সালের ফেব্রুয়ারির কোনো এক সময় নেতাজি ভারতে ফিরে আসতে পারেন বলে ষাটের দশকে এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়। তখন তাঁর বয়স হতো ৬৭ বছর।

আবারও পাকিস্তানে বিমানবাহিনীর ক্যাম্পে হামলা, ৮ জঙ্গি নিহত

আবারও পাকিস্তানে বিমানবাহিনীর ক্যাম্পে হামলা, ৮ জঙ্গি নিহত


পাকিস্তানের পেশোয়ারে বিমানবাহিনীর একটি ক্যাম্পে হামলা হয়েছে। নিরাপত্তা বাহিনী আট জঙ্গিকে হত্যা করেছে। আজ শুক্রবার সকালে এ হামলা হয়। দ্য ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন কর্মকর্তা রয়েছেন।
উদ্ধারকাজে জড়িত সূত্র বলছে, এ ঘটনায় ২২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনকে পেশোয়ারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। দুজনকে নেওয়া হয়েছে পেশোয়ারের অন্য একটি হাসপাতালে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১০ জনের মতো জঙ্গি হামলায় অংশ নেয়। তারা ক্যাম্পের প্রহরী কক্ষে হামলা চালায়। হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় হয়। এতে আট জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। লুকিয়ে থাকা বাকি জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের পরনে ছিল কালো উর্দি। পায়ে ছিল সাদা জুতো।
হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ কিউবার

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ কিউবার

 

যুক্তরাষ্ট্রে একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কিউবা। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯৬১ সালের পর এই প্রথম ওয়াশিংটনে রাষ্ট্রদূত নিয়োগ দিল হাভানা।
অভিজ্ঞ কূটনীতিক হোসে কাবানাস ২০১২ সাল থেকে ওয়াশিংটনে কিউবার স্বার্থ দেখে আসছেন। অন্য দেশের ১৫ জন নতুন কূটনীতিকের সঙ্গে তাঁকে গ্রহণ করেছে হোয়াইট হাউস।
তবে হাভানায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে কে দায়িত্ব পালন করবেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি ওয়াশিংটন।
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্ক যাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। পোপ ফ্রান্সিস যাচ্ছেন কিউবা। এমন প্রেক্ষাপটে হাভানার কাছ থেকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা এল।
১৯৯৫ সালের পর এই প্রথম কিউবার কোনো প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও কিউবা আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে।

নিহতের সংখ্যা বেড়ে দক্ষিণ সুদানে ১৭০

নিহতের সংখ্যা বেড়ে  দক্ষিণ সুদানে ১৭০


দক্ষিণ সুদানে তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জন হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বুধবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তেলের ট্যাংকারটি রাজধানী জুবা থেকে পশ্চিমাঞ্চলীয় ইকুয়াতরিয়া যাচ্ছিল।
রাজধানী থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের ছোট্ট শহর মারিদিতে ওই বিস্ফোরণ ঘটে।
কর্মকর্তাদের ভাষ্য, চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্যাংকার থেকে স্থানীয় লোকজন তেল সংগ্রহ করছিলেন। এ সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।
আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য রেডক্রস ও জাতিসংঘের সহায়তা চেয়েছে স্থানীয় প্রশাসন।

এ আচরণ জঘন্য ও অগ্রহণযোগ্য

এ আচরণ জঘন্য ও অগ্রহণযোগ্য

 

শরণার্থীদের প্রতি হাঙ্গেরির ‘জঘন্য ও অগ্রহণযোগ্য’ আচরণের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। হাঙ্গেরির পুলিশ গত বুধবার প্রতিবেশী সার্বিয়ার সীমান্তে বিক্ষুব্ধ শরণার্থীদের ওপর কাঁদানে গ্যাস, জলকামানের পানি ও মরিচের গুঁড়া ছুড়ে মারে। হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেওয়ায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৬ হাজার ২০০ জনের বেশি শরণার্থী সার্বিয়া থেকে ক্রোয়েশিয়ায় গেছে। খবর গার্ডিয়ানের।
হাঙ্গেরির উদ্দেশে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘শরণার্থী ও অভিবাসীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দেখে আমি ব্যথিত হয়েছি। এটা গ্রহণযোগ্য নয়...কারণ, ওরাও মানুষ। তারা সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে এসেছে। আমাদের অবশ্যই সহানুভূতিশীল নেতৃত্ব নিশ্চিত করতে হবে।’
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেতার সিয়েইয়ার্তো আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বুদাপেস্টে গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হাঙ্গেরি সীমান্তে বুধবারের ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু কিছু খবর উদ্ভট ও দুঃখজনক। আক্রমণাত্মক লোকজনকে কখনোই হাঙ্গেরিতে ঢুকতে দেওয়া হবে না। যে পর্যায় থেকে যত সমালোচনাই হোক না কেন, হাঙ্গেরির সীমান্ত সুরক্ষিত রাখা হবে।’
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শরণার্থীদের প্রতি হাঙ্গেরির মারমুখী আচরণের নিন্দা জানিয়েছেন ইইউর অভিবাসন বিভাগের প্রধান দিমিত্রিস আভ্রামোয়াপোলাস। তিনি বলেন, ‘সিরিয়া থেকে আসা মানুষের বেশির ভাগই আমাদের সাহায্য চায়। সহিংসতা ও সন্ত্রাস থেকে বাঁচাতে যারা পালিয়ে আসে, তাদের কাছে কোনো দেয়াল বা সাগরই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সাময়িক সমাধান মনে করে হাঙ্গেরি যা করেছে, তাতে শরণার্থীরা অন্য পথে চলে যেতে বাধ্য হওয়ায় উত্তেজনাও বেড়েছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরিতে বাধা পেয়ে বলকান অঞ্চল ও মধ্য ইউরোপ ধরে শরণার্থীরা এগিয়ে চলেছে। জার্মানিতে বুধবার মোট ৭ হাজার ২৬৬ জন শরণার্থী পৌঁছায়। এ সংখ্যা আগের দিনের তুলনায় দ্বিগুণ।
ক্রোয়েশিয়ার সীমান্ত শহর তোভারনিকের পুলিশ সার্বিয়া থেকে আসা বিপুলসংখ্যক শরণার্থীকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, তারা খুব সীমিত সুযোগ-সুবিধার মধ্যে শরণার্থীদের জায়গা দিচ্ছে। ক্রোয়েশিয়ায় আগামী দুই সপ্তাহে ২০ হাজারের বেশি শরণার্থী প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।
শরণার্থীদের বেশির ভাগই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে পালিয়ে ইউরোপে গেছে। তারা মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমৃদ্ধ অর্থনীতির দেশ জার্মানিতে পৌঁছাতে চায়।
এএফপি জানায়, ইইউর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক শরণার্থী-সংকট নিয়ে আলোচনার জন্য জরুরি সম্মেলন আহ্বান করেছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আগামী বুধবার ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। টুইটারে গতকাল এক বার্তায় টাস্ক এ কথা জানিয়েছেন।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ের্নার ফায়মানের ডাকে গত সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে শরণার্থীদের পুনর্বণ্টন করে নেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়নি। হাঙ্গেরি, ইতালি ও গ্রিসে উপচে পড়া শরণার্থীদের ইইউর সদস্যদেশগুলোতে নির্দিষ্ট সংখ্যায় জায়গা দেওয়ার প্রস্তাব নিয়ে ওই আলোচনা হয়।
এদিকে গ্রিসের নব্য নাৎসিবাদী দল গোল্ডেন ডনের সমর্থকেরা দেশটির রাজধানী এথেন্সে গতকাল শরণার্থী ও অভিবাসীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল-সমাবেশ করেছে। দেশটিতে আগামী রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের বহু শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছে।
ডেনমার্কের সরকার স্বেচ্ছায় এক হাজার অভিবাসীকে আশ্রয় দেবে বলে গতকাল ঘোষণা দিয়েছে। তবে অভিবাসনবিরোধী রাজনৈতিক দল ড্যানিশ পিপলস পার্টি (ডিপিপি) এ সিদ্ধান্তে সমর্থন দিতে অসম্মতি জানিয়েছে।

জাতিসংঘের ‘জরুরি’ ব্যবস্থার আহ্বান সৌদি বাদশাহর

জাতিসংঘের ‘জরুরি’ ব্যবস্থার আহ্বান সৌদি বাদশাহর




পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতার বিষয়ে ‘জরুরি ব্যবস্থা’ নিতে নিরাপত্তা পরিষদের ভূমিকা চেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি এক আহ্বানে তিনি এ আবেদন জানিয়েছেন বলে সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। কয়েক দিন ধরে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে। খবর এএফপির।
মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান আল-আকসা মসজিদ। ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও এটি পবিত্র হিসাবে গণ্য। ইহুদি নববর্ষ উপলক্ষে সেখানে ইহুদিদের প্রবেশ করা নিয়ে এবারের উত্তেজনার শুরু হয়।
সৌদি বাদশাহ সালমান ইসরায়েলের বিরুদ্ধে এই পবিত্র স্থানে আগ্রাসনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান। সেখানে ‘নিয়ম লঙ্ঘনের’ ঘটনায় তিনি অবিলম্বে আন্তর্জাতিক তৎপরতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের প্রতিও একই আবেদন জানিয়েছেন সৌদি বাদশাহ। তিনটি দেশই নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী স্থায়ী সদস্য।
আল-আকসা পরিচালনার নিয়মকানুনে কোনো পরিবর্তন হলে ‘গুরুতর অস্থিতিশীলতা’ সৃষ্টি হতে পারে বলে বুধবার হুঁশিয়ারি দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। দীর্ঘদিনের পুরোনো নিয়ম অনুযায়ী ইহুদিরা মসজিদ চত্বরে প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা করার সুযোগ তাদের নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে এ অবস্থা বজায় রাখার ব্যাপারে একাধিকবার অঙ্গীকার করেছেন। তবে এ ব্যাপারে ফিলিস্তিনিরা বরাবরই সন্দিহান।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার অভিযোগ করেন, তাঁদেরকে যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে ইসরায়েল।

বাংলাদেশি খুন পূর্ব লন্ডনে

 বাংলাদেশি খুন পূর্ব লন্ডনে


পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার গ্রেটরেক্স বিজনেস সেন্টারের নিজ কার্যালয়ে খুন হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাকারিয়া ইসলাম (৪৬)। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
নিহতের পরিচিতজনেরা প্রথম আলোকে বলেন, জাকারিয়া গ্রেটরেক্স স্ট্রিটের কার্যালয়ে ঝাড়-ফুঁক দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করার পাশাপাশি জিন-ভূত তাড়ানোর চিকিৎসা করতেন। পাশাপাশি তিনি ছিলেন চালক প্রশিক্ষক।
জাকারিয়ার আদি বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে। তাঁর স্ত্রী ও তিন কন্যা আছে। পরিবার নিয়ে তিনি পূর্ব লন্ডনের মাইলএন্ড রোডের একটি বাসায় থাকতেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ছুরিকাঘাতের ঘটনার খবর পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত রয়েছে সন্দেহে পুলিশ ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। আটক করা ব্যক্তির হাতে জখম ছিল এবং তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি এবং সন্দেহভাজন হত্যাকারী একে অপরের পরিচিত ছিলেন।

মুসলিম বলা হলো ওবামাকে

মুসলিম বলা হলো ওবামাকে 

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে মুসলিম বলেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক। তিনি মুসলমানদের নিয়ে কটাক্ষও করেছেন।
গতকাল বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারে সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় প্রশ্নোত্তর পর্বে তাঁর একজন সমর্থক এই মন্তব্য করেন। এ নিয়ে সমালোচনা হলেও ধনকুবের ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকের এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি বা সংশোধন করে দেননি।
সভা শেষে ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের কোনো জবাব দেননি। পরে তাঁর প্রচারণা ব্যবস্থাপক বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ওই সমর্থকের বক্তব্য শুনতে পাননি।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে আসছিলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে হয়নি। তিনি প্রেসিডেন্ট ওবামার ধর্মীয় বিশ্বাস নিয়েও এর আগে প্রশ্ন তোলেন।
সিএনএন পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ২৯ শতাংশ মানুষ মনে করে প্রেসিডেন্ট ওবামা একজন মুসলমান। এর মধ্যে ৪৩ শতাংশই রিপাবলিকান দলের সমর্থক। যদিও প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে খ্রিষ্ট ধর্মে বিশ্বাসী এবং ধর্মাচার পালন করে থাকেন।

সৌদি আরবে মর্টার শেলের আঘাতে দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবে মর্টার শেলের আঘাতে  দুই বাংলাদেশি নিহত

ইয়েমেন থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে আজ শুক্রবার সকালে সৌদি আরবের একটি হাসপাতালে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ খবরটি নিশ্চিত করেছেন।
নিহত দুই বাংলাদেশি হলেন টাঙ্গাইল জেলার নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। দুজনেই মর্টার শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত ওই হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ শুক্রবার ভোরে সৌদি আরবের জিজান অঞ্চলের সামতাহ জেনারেল হাসপাতালে ইয়েমেন থেকে মর্টার শেল ছোড়া হয়। এতে হাসপাতালে কর্মরত দুজন বাংলাদেশি কর্মী মারা যান। আহত হয়েছেন অনেকে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ বিকেল সোয়া চারটার দিকে তাঁর ফেসবুক পোস্টেও একই তথ্য দিয়েছেন।
সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের বিদ্রোহী হুতি সম্প্রদায়ের অধিকৃত এলাকায় ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে আসছে। এ মর্টার হামলার জন্য হুতি সম্প্রদায় দায়ী কি-না সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গ্যাস অনুসন্ধানে বাংলাদেশে আগ্রহী থাইল্যান্ড

গ্যাস অনুসন্ধানে বাংলাদেশে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশে গ্যাস অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত মদুরাপচানা ইতারং গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে জানান, থাইল্যান্ডের পেট্রোলিয়াম কর্তৃপক্ষÿবাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাতের পর সাংবাদিকদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। খবর বাসসের।
সাক্ষাৎকালে বিদায়ী রাষ্ট্রদূত গত ১৭ আগস্ট ব্যাংককের কেন্দ্রস্থলে হিন্দু মন্দিরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনাটি উল্লেখ করে বলেন, ‘বোমা বিস্ফোরণের সঙ্গে মানব পাচার যুক্ত এবং ঘটনার পরে ২০০ ভুয়া পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।’ তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, সমাজ থেকে সন্ত্রাস নির্মূলে তাঁর প্রশাসন কাউন্টার টেররিজম-ব্যবস্থা গ্রহণ করেছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারী দণ্ডপ্রাপ্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য থাই সরকারকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করছে। সেখানে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে বিনিয়োগের জন্য থাই উদ্যোক্তাদের আহ্বান জানান।
এ প্রসঙ্গে থাই রাষ্ট্রদূত উল্লেখ করেন, একটি থাই প্রতিষ্ঠান ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করছে, যা রাজধানীর যানজট নিরসনে সহায়ক হবে।
শেখ হাসিনা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রওশন, এরশাদ ও খালেদাকে ঈদের শুভেচ্ছা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম বাসসকে জানান, প্রধানমন্ত্রী গতকাল তিনজনকে পৃথক ঈদ কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
আশরাফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর প‌ক্ষে তাঁর প্রটোকল অফিসার খুরশিদ-উল আলম গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার অফিসে গিয়ে তাঁর সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলামের হাতে ঈদ কার্ড দেন। পরে তিনি সংসদ ভবনে এরশাদের অফিসে যান এবং তাঁর সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলামের হাতে ঈদ কার্ড দেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গতকাল বিকেলে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে যায় এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের কাছে খালেদা জিয়ার ঈদ কার্ড পৌঁছে দেন।